April 7, 2026, 1:13 pm

জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকেরা সড়ক অবরোধ করেছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে তেল দেওয়া হবে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শনিবার মধ্যরাত থেকেই ওই ফিলিং স্টেশনের সামনে বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক ভিড় জমান। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর পাম্প কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে কোনো তেল নেই এবং এখনো তেল আসেনি।
এতে উত্তেজিত হয়ে মোটরসাইকেল চালকেরা পাম্পের সামনে দেওয়ানগঞ্জ–জামালপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধে অংশ নেওয়া এক মোটরসাইকেল চালক বলেন, “আমরা শুনেছি পাম্পে তেল আছে। তাই মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু সকালে এসে বলছে তেল নেই। যদি না-ই থাকে, তাহলে আগেই জানানো উচিত ছিল।”
যাত্রী আরিফা (২১) বলেন, “দেশে তেলের সংকট এখন নতুন কিছু নয়, এটা যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু এভাবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ঠিক নয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক ঝর্ণা পাম্পের এক কর্মচারী বলেন, “আমাদের পাম্পে তেল নেই। আমরা কাউকে বলিনি যে আজ সকালে তেল দেওয়া হবে। কোথা থেকে এই খবর ছড়িয়েছে, তা আমাদের জানা নেই। তেল আসার কথা ছিল, কিন্তু এখনো পৌঁছায়নি।”
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মোহাম্মদ আসাদ, স্টাফ রিপোর্টার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা