March 27, 2026, 11:27 pm

দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস,পুলিশ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে ঈদের দিন দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই ওই এলাকায় মানুষের ব্যাপক সমাগম ঘটে। এবারও ঈদের দিন বিকেলে সেখানে শত শত মানুষ জড়ো হন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে।
ব্রিজ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে নামেন। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে এখনও অভিযান চালানো হচ্ছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

 

মোহাম্মদ আসাদ- স্টাফ রিপোর্টার। 

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা