এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় নির্বাচনের পর নারায়ণগঞ্জবাসী ও নির্বাচিত প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন মহলে প্রশংসিত হন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করেন।
সোমবার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ইউনিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে। তিনি জানান, নারায়ণগঞ্জবাসী ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি উপজেলায় প্রার্থী ও সাধারণ জনগণকে নিয়ে মতবিনিময় সভা এবং আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকের আয়োজন করা হয়, যা ইতিবাচক সাড়া পেয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সবসময় জনগণের পাশে থেকে কল্যাণমূলক কাজ করবেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই জনগণের প্রত্যাশা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য হারুন অর রশিদ সাগর, দৌলত হোসেন আবির, সাদ্দাম হোসেন মুন্না, মোঃ আল আমিন, রানেল, জসিম উদ্দিন, আবুল কালাম, আসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।