August 18, 2026, 11:31 am

এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির

এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কক্ষে আটকে নির্যাতনের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ ও প্রভোস্টের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও হল সংসদের নেতাদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন যে, হলের এক ছাত্রকে প্রভোস্টের কক্ষে আটকে নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। একই সঙ্গে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ ও প্রভোস্টের অপসারণের দাবিতে আন্দোলন চলছিল।

তিনি জানান, গভীর রাতে ছাত্রদল হামলা চালায় এবং শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে আসা ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাদের ওপরও হামলা হয়। এতে এফএইচ হল সংসদের নির্বাচিত ভিপি ও জিএসসহ অন্তত ১০ জন আহত হন।

সাদিক কায়েম অভিযোগ করেন, শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনে প্রভোস্ট ও প্রশাসন ‘ভীত’ হয়ে গভীর রাত পর্যন্ত ‘তালবাহানা’ করার পর ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীদের এনে হলে হামলা চালানো হয়।

তিনি আরও জানান, হামলাকারীরা এফএইচ হলের অফিসে অন্য হল থেকে আসা কাউকে থাকতে দেবে না বলে জানায়। হামলায় এফএইচ হলের নির্বাচিত প্রতিনিধিরাও আহত হয়েছেন।

এদিকে, একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের স্ক্রিনশটও পোস্টে যুক্ত করেছেন ডাকসু ভিপি, যেখানে প্রভোস্টের কক্ষে নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীর বক্তব্য রয়েছে। সাদিক কায়েমের ভাষ্য, এ হামলার মধ্য দিয়ে ছাত্রদলের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘নগ্ন চেহারা’ প্রকাশ পেয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা