জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি সরকার প্রথম ৬ মাসে ফ্যাসিস্টের পথ অনুসরণ করে মোটা দাগে ব্যর্থ হয়েছে। তিনি মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের নিজেদের লোক মনে না হওয়া সৎ চাকরিজীবীদের বিভিন্ন জায়গায় বদলি ও ওএসডি করা হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এটি একটি নেতিবাচক দিক।
অর্থনীতির রিজার্ভ বৃদ্ধি ও গ্যাস-বিদ্যুতের সংকট নিরসনে বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে কমিটি গঠনের জন্য সরকারকে ধন্যবাদ জানান গোলাম পরওয়ার। তবে তিনি দাবি করেন, রিজার্ভ বৃদ্ধির পেছনে সরকারের কোনো অবদান নেই, বরং প্রবাসীরা তাদের উপার্জিত টাকা দেশে পাঠানোর কারণে এটি বৃদ্ধি পেয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড.এএইচএম হামিদুর রহমান আযাদ, এমপি রফিকুল ইসলাম খাম, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এবং প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।