ডেস্ক রিপোর্টার ।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে, যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনর আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর ‘রেড নোটিশ’ জারির পদক্ষেপ নিতে আদালতে আবেদন করেন।
অভিযোগের বিবরণ
আবেদনে বলা হয়, আসামি ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে সুবিধা গ্রহণ করেন। রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গুলশান-২ এলাকার বাড়ি নং-৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং-৭১, ঢাকা-১২১২ ঠিকানার ফ্ল্যাট নং-বি/২০১-এর দখল তিনি বুঝে নেন।
আরও বলা হয়, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সম্পত্তিটি হস্তান্তরযোগ্য ছিল না—এটি জানা সত্ত্বেও দলীয় প্রভাব খাটানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালা শেখ হাসিনার প্রভাব এবং নিজের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি সুবিধা নেন।
পাশাপাশি রাজউক-এর আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় সংস্থাটির আইন কর্মকর্তাকে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিংকে আমমোক্তার অনুমোদন ও ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এতে অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে ফ্ল্যাটটি বিনামূল্যে গ্রহণ করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়।
দেশত্যাগ ও রেড নোটিশের আবেদন
আবেদনে আরও বলা হয়, এ ঘটনায় মামলা দায়েরের আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেছেন। মামলার সহায়ক প্রমাণাদি ও আলামত নষ্টের চেষ্টার অভিযোগও আনা হয়েছে।
এই প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তার করা জরুরি উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির প্রয়োজনীয়তার কথা আদালতে তুলে ধরা হয়। আদালত আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।