June 27, 2026, 9:41 pm

বিস্ফোরক মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :

রাজধানীর গুলশান থেকে আটক জামালপুর-১ (বকশীগঞ্জ- দেওয়ানগঞ্জ ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার রাত ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায়ও তিনি সন্দেহভাজন আসামি।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটকের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছি। আর কোনো মামলা আছে কি না, সেটি আমরা খতিয়ে দেখছি।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নূর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তিনি। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা