February 27, 2026, 1:29 am

দায়িত্বগ্রহণ করলেন বাংলাদেশ ব্যাংকে র নতুন গভর্নর

ডেস্ক রিপোর্টার ।
বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব গ্রহণ করলেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। গতকাল নিয়োগ পাওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর কাজে যোগ দেন তিনি।

এ সময় বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।’

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পান পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর। গতকাল বুধবার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার।

গভর্নর হিসেবে সাধারণত বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক আমলা, বা ব্যাংকিং ও আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়। বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেয়া হয়েছে।

নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ই মে জন্মগ্রহণ করেন। পেশায় একজন হিসাববিদ। পাশাপাশি একজন ব্যবসায়ী। পেশাগত জীবনে ৩৩ বছরেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১৯৯১ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্‌ অব বাংলাদেশ থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পোশাক কারখানা হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত রয়েছেন। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা