November 28, 2026, 4:14 pm

উন্নয়নে মানবিক মূল্যবোধও জরুরি: ডিসি জাহিদ

শুধু ভবন ও রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে নাগরিকদের মধ্যে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

আজ শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষার্থীদের হাতে শুধু শিক্ষার সনদ তুলে দিলেই হবে না। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, সমাজ পরিবর্তনে কাজ করতে পারে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়।’

তরুণ প্রজন্মকে দেশের অন্যতম প্রধান সম্পদ উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, তাদের দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, ‘আমরা চাই না, আমাদের সন্তান একটি নিষ্ঠুর সমাজে বেড়ে উঠুক। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে আমাদের সন্তানেরা ভালোবাসা, মায়া, আন্তরিকতা ও আনন্দের মধ্য দিয়ে বেড়ে উঠবে।’

সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারের লক্ষ্য বাস্তবায়নে শুধু নির্ধারিত কর্মঘণ্টার মধ্যে দায়িত্ব পালন করলেই চলবে না। নানা সীমাবদ্ধতা থাকলেও সদিচ্ছা, আগ্রহ ও আন্তরিকতা দিয়ে সেগুলো অতিক্রম করা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, শুধু সরকারি উদ্যোগ কিংবা বিচ্ছিন্ন পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে।

তিনি বলেন, ‘আমাদের সামান্য অবহেলার কারণে যেন কোনো জীবন বিপন্ন না হয়। আমরা চাই না, পরিবেশের অপরিচ্ছন্নতা কিংবা ডেঙ্গুর কারণে আমাদের কোনো সন্তান বা স্বজনকে হারাতে হোক।’

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, পরিবেশকে বসবাসের উপযোগী রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে জনস্বার্থে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কখনো কখনো গাছ কাটার প্রয়োজন হয়।

তিনি বলেন, ‘যখনই কোনো গাছ কাটার বিষয় আসে, তখন একটি গাছ কাটার বিপরীতে পাঁচটি গাছ লাগানোর নির্দেশনা দিয়ে থাকি। সেই নির্দেশনা যাতে যথাযথভাবে প্রতিপালিত হয়, সেদিকেও নজর রাখছি।’

উন্নয়ন প্রকল্পের জন্য গাছ কাটার অনুমতি দেওয়ার আগে কী ধরনের, কতটি ও কী আকারের গাছ লাগানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।

জাহিদুল ইসলাম বলেন, গত ২৭ অক্টোবর চট্টগ্রাম জেলায় এক দিনে এক লাখ গাছ রোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা অর্জনে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।

কৃষিজমির উর্বর মাটি রক্ষায় খাল খনন করে পাওয়া মাটি ইটভাটায় ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, কোনো একটি ক্ষেত্রে তাঁদের সীমাবদ্ধতা থাকলেও অন্য ক্ষেত্রে প্রতিভা রয়েছে। উপযুক্ত সুযোগ ও পরিবেশ তৈরি করে সেই প্রতিভা কাজে লাগাতে হবে।

বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচিতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ ছাড়া অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণের কর্মসূচিও রাখা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা