বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফরেনসিক অডিটের মাধ্যমে গঠিত কমিটি এসব অসংগতি চিহ্নিত করেছে বলে জানান তিনি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে এ বিষয়ে প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে। তিনি বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যানের ভিত্তিতে কোনো কাজ করা যায় না। এটি নিজের সঙ্গে প্রতারণার শামিল।
তিনি আরও বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির জনবল সংকটের বিষয়টিও সরকার বিবেচনা করছে।
অতীতের অনিয়মের গভীরে যাওয়ার উদ্দেশ্যেই ফরেনসিক অডিট করা হয়েছে, কাউকে লক্ষ্যবস্তু করার জন্য নয় উল্লেখ করে আমির খসরু বলেন, তথ্য যত বেশি উন্মুক্ত হবে, তত বেশি ভুল ও অসংগতি সামনে আসবে। এর মাধ্যমে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হবে।