October 31, 2026, 1:35 pm

বিএনপি নেতার ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, উঠেছে নারীদের অসম্মানের অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পোস্টটি দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুর রহমান মমতাজ।

তাঁর পোস্টের বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করছেন ব্যবহারকারীরা।

পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি। তবে নির্বাচনের প্রেক্ষাপটে এর বক্তব্য একজন নারী প্রার্থীকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে নারীর বিয়ে, পারিবারিক জীবন ও জনপ্রতিনিধিত্বের সক্ষমতা নিয়ে করা মন্তব্যের কারণে পোস্টটি সমালোচনার মুখে পড়েছে।

তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি  Momtazur Rahman থেকে লেখেন , অনেক দিন পর মনে হলো একটু লিখি ফেইসবুক পোস্টে। লেখার বিষয় হলো একটা নারী। আমার লেখার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। যখন একটা পরিবারে কোন শিশু সন্তান জন্ম নেয়। তখন সে শিশুটি নিদিষ্ট সময় পর্যন্ত শিশুই থাকে। আমাদের সকলেই তা জানা। আজকে আমার লেখার বিষয় যেহেতু একটি নারী। মনে করুন পরিবারে জন্ম নেওয়া শিশু টি একটি মেয়ে/ নারী। পরিবারে মেয়েটি/ শিশু টি যখন আস্তে আস্তে বড় হয়ে একটি নিদিষ্ট বয়সে এসে নারীতে পুর্নতা পায়। তখন পরিবারের প্রধান বাবা / মা এবং পরিবারের সিদ্ধান্তে মেয়ে / নারী হয়ে জন্ম নেওয়ার কারনে সামাজিক সকল নিয়ম মেনে অন্য এক পরিবারের ছেলের সন্তানের সহিত বিবাহ বন্দনে আবদ্ধ করার আগে পর্যন্ত মেয়েটির তার নিজের বাড়ি বলতে তার বাবা মার বাড়ি থাকে নিজের বাড়ি। আমার এই পোস্টের আসল বিষয়টা এখানেই একের অধিক বিবাহের পরে যে নারী তার বিবাহিত জীবনের ছোট্ট পরিবারের অল্প সংখ্যক মানুষের সাথে স্থায়ী সেবা দিতে পারেনি / প্রতিনিধি হতে পারেনি। সে কিভাবে একটা ইউনিয়নের ২৪ হাজারের বেশি জনগণের সাথে সম্পর্ক রেখে সেবার মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবেন বলে আপনারা সচেতন নাগরিক হিসাবে কি রকম সেবা আশা করেন। তাই আমি মনে করি সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক চিন্তা ফিকির করে আপনাদের মহামুল্যবান পবিত্র ভোটের মধ্যে দিয়ে প্রকৃত রায় প্রদান করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক যেন নিলক্ষীয়া ইউনিয়ন বাসী সকলকে সুস্থ রাখেন এবং সেই তৌফিক দেন এই কামনায় আজকের মতো।। আল্লাহ হাফেজ।।

পোস্টটি প্রকাশের ১৪ ঘণ্টা পর স্ক্রিনশট নেওয়ার সময় পোস্টটিতে ৪৯টি রিঅ্যাকশন ও ১৬টি মন্তব্য দেখা যায়।

পোস্টটির মন্তব্যের ঘরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। Ismod Duha নামে একজন মন্তব্য করেন, ‘বেয়াদবের কাজ বেয়াদবি করা।’

শারজিনা ইসলাম নামে আরেকজন মন্তব্য করেন, ‘উনি নারীদের অসম্মানজনক কথা বলতে একটু বেশি পান, উনার নিজের সম্মান নিয়ে ভাবেন না একবারও। উনি ভাবেন এতে উনার মান বাড়ে, ফেসবুকে পাবলিকের মাঝে উনি যে কাজটা করেছে তাতে কি উনার সম্মান বেড়েছে?’

অন্যদিকে Mahidunnoby Momo নামে একজন মমতাজুর রহমানের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, ‘মমতাজ ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। দোয়া ও ভালোবাসা অবিরাম।’

Hafej Nohannad Shakil Mahmud মন্তব্য করেন, ‘কথাগুলো সত্যিই ভাবার , জনপ্রতিনিধিত্ব শুধু একটি পদ নয়; এটি মানুষের আস্থা, দায়িত্ব ও সেবার অঙ্গীকার। তাই ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তে যোগ্যতা, অভিজ্ঞতা, দায়িত্ববোধ ও মানুষের পাশে থাকার সক্ষমতাকে সিদ্ধান্তের মূল বিষয় হিসেবে বিবেচনা করা উচিত।

এ বিষয়ে নিলক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইশমত দোহা হিটলার সমালোচনা করে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নারীদের এগিয়ে নিতে কাজ করতে যাচ্ছে। এমন সময়ে একজন ইউনিয়ন বিএনপির সভাপতির নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি।

পোস্টটির সমালোচকদের কেউ কেউ এটিকে নারীর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ ও নারীর প্রতি অসম্মানজনক বক্তব্য হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নারী প্রার্থী বা মমতাজুর রহমান মমতাজের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য,আগামী নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে একমাত্র নারী প্রার্থী হলেন মিয়ার বাড়ির মেয়ে মেহজাবিন বিনতে অরিণ।

নিজস্ব প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা