October 19, 2026, 8:56 pm

ওয়াসিম আকরামসহ ছয় হত্যা: ২২ আসামির আবেদন খারিজ করলেন ট্রাইব্যুনাল

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।

এর আগে গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন আসামিপক্ষ।

মামলাটিতে বর্তমানে পাঁচ আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

অন্য ১৭ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অন্যরা।

এর আগে গত ৫ এপ্রিল ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ৭ এপ্রিল সেই অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, মামলাটিতে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা