October 18, 2026, 4:23 pm

সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার

ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ভাড়া বাসা থেকে মারজিয়া (১৯) নামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পুরান টিপুরদী এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারজিয়া কিশোরগঞ্জের নিকলী উপজেলার নোয়াপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে। তিনি স্বামী আশরাফুলকে (২১) নিয়ে সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় একটি টিনশেড ভাড়া বাসায় বসবাস করতেন। মারজিয়া স্থানীয় কেন্টাকি নিট কম্পোজিট লিমিটেডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারজিয়া ও তাঁর স্বামীর মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। ঘটনার দুই দিন আগে বিকাশের টাকা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে জানা গেছে।

মারজিয়ার স্বামী আশরাফুল জানান, রাতে বাসায় ফিরে তিনি ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মারজিয়ার মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা