October 18, 2026, 4:23 pm

বেগমগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, ঢাকায় পাঠানো হলো

প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটে নিজের মুদি দোকান মিজান স্টোরে এ হামলার ঘটনা ঘটে।

আহত মিজান ওই ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে। তিনি জামায়াতের সমর্থক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকানে বেচাকেনার সময় ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল দোকানে ঢুকে মিজানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের বাঁ পাশ, বাঁ হাত ও বাঁ পায়ের উরুতে গুলি লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ দাবি করেন, এ হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন জড়িত। তিনি হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তার ভাষ্য, ২০২০ সালেও মিজানের ওপর হামলার ঘটনা ঘটেছিল।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা