October 18, 2026, 4:25 pm

পাঁচবিবি পাথরঘাটা অটোভ্যান চালক হত্যার ঘটনা উন্মোচন করে ডিবি পুলিশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবির আটাপুর ইউনিয়নের ঐতিহাসিক পাথরঘাটায়
অটোভ্যান চালক মোঃ শাখাওয়াত হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এসময় ঘাতকরা সাখাওয়াতকে হত্যার পর তার অটোভ্যানটিও ছিনতাই করে নিয়ে যায় তারা। এঘটনায় নিহতের ভাই মোঃ শাহীন হোসেন (৩০) বাদী হয়ে পাঁচবিবি থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। থানায় মামলা নং-১৬/৩৫২, মামলার ধারা-৩০২/৩৪/৩৯৪ পেনাল কোড ১৮৬০। এমন ক্লুলেস হত্যা মামলাটির রহস্য উন্মোচনে মাঠে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে উপজেলার শালপাড়া ও সদরের মঙ্গলবাড়ি থেকে ঘাতকদের গ্রেফতার করেন।

ঘটনার পর পরই জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাজু কামালের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত শুরু করেন। গত বুধবার ১৩ অক্টোবর সন্ধ্যার পর উপজেলার ধাওয়াইপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ হাবিল উদ্দিন (৪০) সুকৌশলে সাখাওয়াতকে শালাইপুর বাজার থেকে ফিচকাঘাট হয়ে পাথরঘাটা নিয়ে গিয়ে তাকে হত্যা করে অটোভ্যান ছিনতাই করে। পরে ভ্যানটি মঙ্গলবাড়ি এক বাড়িতে রেখে দেয়। ডিবি পুলিশ অভিযান চালিয়ে হাবিলকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, ভিকটিমের রক্তমাখা গামছা, ছিনতাইকৃত অটোভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করে।

আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী বলেন, নিহত সাখাওয়াত খুব সহজ সরল ও ভালো ছেলে ছিল। এমন একটি ভালো ছেলেকে তারা নির্মমভাবে হত্যা করল আমরা ইউনিয়নবাসী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি আরো বলেন, হত্যাকারী ঘাতকদের গ্রেফতারে ডিবি পুলিশকে আমরা তথ্য দিয়ে যথেষ্ট সহযোগিতা করেছি।

জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয় চত্বরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এসময় ডিবি পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানান হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা