মোহাম্মদ আসাদ,নিজস্ব প্রতিবেদক :
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
রোববার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফুলকোচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান মামুন।
এর আগে শনিবার রাতে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহুরুল হক বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হোসেন আলীকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার জানান, গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহের ফুলকোচা গ্রামের একটি ইটভাটার সামনে অভিযান চালিয়ে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা হয়েছে। শনিবার তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।