October 11, 2026, 10:52 pm

মানবিকতার আলোয় আলোকিত মনোহরপুর, বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫০০-এর বেশি মানুষ

 যশোর প্রতিনিধি :
অর্থাভাবে চোখের চিকিৎসা করাতে না পারা মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প। রোববার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে কুমারঘাটা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ ক্যাম্পে ৫০০-এর বেশি মানুষ চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিনামূল্যে চশমা বিতরণের পাশাপাশি বাছাইকৃত ছানি রোগীদের অস্ত্রোপচারসহ পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। যাঁদের চশমা প্রয়োজন, তাঁদের বিনামূল্যে চশমা দেওয়া হয়। এ ছাড়া ছানি অস্ত্রোপচারের উপযোগী রোগীদের বাছাই করে সাতক্ষীরার কাশেমপুর তালতলা বাজারস্থ গ্রামীণ চক্ষু হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়।
বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অস্ত্রোপচার, প্রয়োজনীয় লেন্স, এক মাসের ওষুধ ও চশমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি তাঁদের যাতায়াত খরচও বহন করা হবে। ফলে আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিতে না পারা অসচ্ছল রোগীদের জন্য এ উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিজিকে ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সাইদ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পের আয়োজক ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মেহেদী হাসান সুমন, কুমারঘাটা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, মাদ্রাসার সভাপতি মাস্টার মো. সিরাজুল ইসলাম, প্রফেসর মঈনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জেমস আব্দুর রহিম রানা এবং দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, সাংবাদিক সানোয়ার হোসেন থিতু, জিএম ফিরোজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচকবৃন্দ বলেন, গ্রামীণ জনপদে চিকিৎসাকেন্দ্রের দূরত্ব, চিকিৎসার ব্যয় ও আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই দীর্ঘদিন চোখের সমস্যায় ভোগেন। বিশেষ করে বয়স্ক মানুষের ছানি রোগ সময়মতো চিকিৎসা না করালে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। এমন বাস্তবতায় স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ এবং ছানি রোগীদের অস্ত্রোপচারসহ পরবর্তী চিকিৎসার ব্যবস্থা অসচ্ছল মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
ক্যাম্পটির আয়োজক মো. মেহেদী হাসান সুমনের উদ্যোগে এবং সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চিকিৎসাসেবার পাশাপাশি অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিকতার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা