রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নুরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাঁপাবাড়ী-গুর্জিপাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুর্জিপাড়া বাজারে কাজ শেষে বাড়িতে ফেরেন শিশুটির মা বিলকিস বেগম। বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি ইউক্যালিপটাস বাগানে অভিযুক্ত নুরুল ইসলামকে দেখতে পান তিনি।
পরে বাড়িতে ফিরে শয়নকক্ষের দরজা বন্ধ দেখতে পান শিশুটির মা। দরজা খুলে মেয়েকে উদ্ধার করার পর শিশুটি কান্নায় ভেঙে পড়ে। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয়ে জানায় বলে জানা গেছে।
এরপর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) শিশুটির মা বিলকিস বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করেন। মামলাটি পীরগঞ্জ থানার মামলা নম্বর ৩৩।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “অভিযোগের ভিত্তিতে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে।