September 21, 2026, 5:55 pm

আদালতের নির্দেশে কবর থেকে তোলা হবে চিত্রনায়ক শান্ত খান ও সেলিম খানের লাশ

চাঁদপুরে আলোচিত চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে। আদালতের নির্দেশে সুরতহাল শেষে মরদেহ দুটির ময়নাতদন্ত করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এবং আইপি টেলিভিশন ও সংবাদপত্র প্রতিষ্ঠান ভয়েস টেলিভিশনের মালিকও ছিলেন তিনি।

তার বড় ছেলে শান্ত খান বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্য ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’সহ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছাড়ার সময় সেলিম খান ও শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনরোষের মুখে পড়েন। সেখান থেকে বেরিয়ে গেলেও পরে বাগড়া বাজার এলাকায় তারা আবারও জনতার মুখোমুখি হন। সেখানে গণপিটুনিতে তারা দুজন নিহত হন।

পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সে সময়কার পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফন করা হয়। তবে তখন স্বজনদের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।

পরবর্তীতে তাদের মৃত্যুর ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। সম্প্রতি চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মরদেহ দুটি কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের নির্দেশ দেন।

মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করে পুলিশ। ওই আবেদন অনুমোদনও করা হয়েছে। তবে ঠিক কবে মরদেহ দুটি কবর থেকে তোলা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসক আবেদনটি অনুমোদন করেছেন। মরদেহ উত্তোলনের তারিখ পরে জানানো হবে।

এদিকে সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান ছিল বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা