September 18, 2026, 12:45 pm

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি : সংগৃহীত

বৃষ্টির বাধায় ম্যাচ পরিত্যক্ত, বিনা বলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ না খেলেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় টানা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।

স্থানীয় সময় সকাল ৯টায় নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই বৃষ্টি থাকায় মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। এমনকি দুই দলের অধিনায়ক টস করতেও মাঠে নামেননি।

নিয়ম অনুযায়ী, নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে সংক্ষিপ্ত ফরম্যাটে, এমনকি সুপার ওভারের মাধ্যমেও ফল নির্ধারণের সুযোগ ছিল। কিন্তু বৃষ্টির কারণে কোনোভাবেই খেলা শুরু করা সম্ভব হয়নি। পরে দুই দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায় নিয়ে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীনের অবস্থান ৩৭তম। র‍্যাঙ্কিংয়ের এই ব্যবধানই শেষ পর্যন্ত বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পথ তৈরি করে।

নাগোয়ায় বৃষ্টির কারণে ম্যাচের আগের দিনগুলোতেও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ নারী দল। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটে।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় ভারত ও জাপানের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশের রয়েছে তিনটি পদক। এর মধ্যে দুবার রুপা ও একবার ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

চীনের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মুশতারি পদক জয়ের আশাবাদ জানিয়েছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো এক ভিডিও বার্তায়। তিনি বলেন, এবারও একটি পদক নিয়ে দেশে ফিরতে চান তারা।

আন্তর্জাতিক ক্রিকেটে চীনের জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। ২০১০ সালের এশিয়ান গেমসের সেমিফাইনালে চীনকে মাত্র ৩৪ রানে অলআউট করে ৭ ওভারে ৯ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে সেই ম্যাচ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ছিল না। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল আজকের কোয়ার্টার ফাইনালটি। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে মাঠে বল গড়ানো ছাড়াই শেষ হলো সেই অপেক্ষা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা