September 12, 2026, 5:30 am

ইসরায়েল ও লেবাননের আলোচনার (জুন ২০২৬) ছবি।

ইসরায়েল-লেবানন আলোচনা পিছিয়ে অক্টোবরে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনার পরবর্তী বৈঠক পিছিয়ে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সপ্তাহে ইতালির রোমে বৈঠকটি হওয়ার কথা থাকলেও সফরসূচি সংক্রান্ত জটিলতার কারণে তা স্থগিত করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

এক ইসরায়েলি কর্মকর্তার মতে, বৈঠক পেছানোর মূল কারণ সফরসূচির জটিলতা। তবে ইসরায়েলের আসন্ন নির্বাচন এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণে অস্বীকৃতির কারণে সামগ্রিক আলোচনা প্রক্রিয়াও ধীরগতির হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী বৈঠক স্থগিত হলেও দুই দেশের রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বৈঠক করবেন। সেখানে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের রূপরেখা সংক্রান্ত চুক্তি বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হবে।

এর আগে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার, মার্কিন পররাষ্ট্র দপ্তরের চিফ অব স্টাফ ড্যানিয়েল হলার, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ঈসা এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ অংশ নেন।

এদিকে এক লেবানিজ কর্মকর্তা দ্য টাইমস অব ইসরায়েলকে বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ‘নির্বিচার’ হামলা হিজবুল্লাহকে নিরস্ত্র করার ক্ষেত্রে বৈরুতের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

অন্যদিকে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব পালনে লেবাননের সশস্ত্র বাহিনী এখনো পুরোপুরি সক্ষম হয়ে ওঠেনি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা