ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটিতে ডিজেলের জাতীয় গড় দাম প্রথমবারের মতো গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়ে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মোটর ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম গ্যালনপ্রতি ৬ দশমিক ০৫ ডলার। এক সপ্তাহ আগে এই দাম ছিল ৫ দশমিক ৮৫ ডলার। আর এক বছর আগে প্রতি গ্যালন ডিজেলের দাম ছিল মাত্র ৩ দশমিক ৭০ ডলার।
জ্বালানির এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায়। যুক্তরাষ্ট্রে পণ্যবাহী ট্রাক ও বিভিন্ন ধরনের ডেলিভারি ব্যবস্থার বড় অংশ ডিজেলনির্ভর হওয়ায় পরিবহন খরচ বেড়েছে। বাড়তি ব্যয় সামাল দিতে কিছু প্রতিষ্ঠান অনলাইন অর্ডার ও ডাকযোগে পাঠানো পণ্যের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া শুরু করেছে।
তবে ডিজেলের মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে মুদি বাজারে। মাংস, শাকসবজিসহ দ্রুত পচনশীল পণ্য নিয়মিত পরিবহন ও মজুত করতে হয়। একই সঙ্গে এসব পণ্য উৎপাদনেও ডিজেলচালিত কৃষিযন্ত্রের ব্যবহার রয়েছে।
ফলে ডিজেলের দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে উৎপাদন ও পরিবহন ব্যয় আরও বাড়বে এবং এর প্রভাব শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্যেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।