২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো বিশ্বকাপের ফাইনালের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফাইনাল আয়োজনের দৌড়ে স্পেন ও মরক্কোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
ফাইনাল আয়োজনের জন্য কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের বেনসলিমান অঞ্চলকে প্রস্তুত করা হচ্ছে। সেখানে নির্মাণ করা হচ্ছে বিশাল ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে ১ লাখ ১৫ হাজার দর্শক।
২০৩০ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী আসর। প্রথমবারের মতো তিন মহাদেশের ছয়টি দেশে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ।
বিশ্বকাপের উদ্বোধনী তিনটি ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। এরপর টুর্নামেন্টের মূল পর্বের ম্যাচগুলো যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।