September 8, 2026, 9:41 am

বিবিএলে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার সুযোগ পেতে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। এখন থেকে আংশিক চুক্তির আওতায় নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলবেন তিনি।

মূলত আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিবিএলে অংশ নেওয়ার লক্ষ্যেই চ্যাপম্যানের এই সিদ্ধান্ত। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মৌসুমের সঙ্গে একই সময়ে বিবিএল অনুষ্ঠিত হওয়ায় পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তিতে থাকলে সেখানে খেলা কঠিন হয়ে পড়ে।

আংশিক চুক্তিতে যাওয়ার ফলে ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্টের সঙ্গে একই তালিকায় যুক্ত হলেন চ্যাপম্যান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সুবিধামতো অংশ নেওয়ার সুযোগ পেতেই এসব ক্রিকেটার নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আংশিক চুক্তিতে রয়েছেন।

তবে জাতীয় দলের প্রতি চ্যাপম্যানের প্রতিশ্রুতি থাকছে আগের মতোই। বিবিএলে যোগ দেওয়ার আগে আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক হোয়াইট-বল সিরিজে নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নামবেন তিনি।

চুক্তির বিষয়ে সহযোগিতার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চ্যাপম্যান। পাশাপাশি ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন এই কিউই অলরাউন্ডার।

এদিকে চ্যাপম্যান কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোয় নিউজিল্যান্ড ক্রিকেটের তালিকায় একটি জায়গা খালি হয়। সেই শূন্যস্থান পূরণে পেসার ম্যাট ফিশারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা