September 8, 2026, 9:41 am

সানা পুনর্দখলে চূড়ান্ত সিদ্ধান্ত, অভিযানে ‘চমক’ রাখার দাবি ইয়েমেনের

হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে রাজধানী সানা পুনর্দখলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এ অভিযানে কিছু ‘চমক’ রয়েছে, যা এখনই প্রকাশ করা হবে না বলেও জানিয়েছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সমীর আল-সাবরি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইয়েমেন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সমীর আল-সাবরি বলেন, সানা পুনর্দখলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে সামরিক অভিযানের পরিকল্পনার কিছু বিষয় গোপন রাখা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একই লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি। তিনি বলেন, হুথি মিলিশিয়াদের নিয়ন্ত্রণ থেকে ইয়েমেনকে মুক্ত করা এবং সানাকে সব ইয়েমেনির রাজধানী হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করাই তাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। ভবিষ্যতে প্রতিশোধ, প্রতিশোধমূলক সহিংসতা কিংবা কোনো ধরনের বৈষময়ের সুযোগ থাকবে না।

২০১৪ সালে ইরান-সমর্থিত হুথিরা সানা ও ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করার পর দেশটিতে দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হয়। ২০২২ সালের এপ্রিল থেকে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও ২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর লোহিত সাগরে হুথিদের হামলা বাড়তে থাকে। এর পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে ইয়েমেনে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা