আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে রাজ্য সরকার। মহাঅষ্টমীর দিন রাজ্যজুড়ে মদ বিক্রি সম্পূর্ণ বন্ধ, বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো নিষিদ্ধ এবং পূজার পরের ঐতিহ্যবাহী কার্নিভাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার পূজামণ্ডপ ও উৎসব আয়োজন নিয়ে নির্দেশনা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মহাঅষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান ও বার বন্ধ থাকবে। ওই দিন কোনও ধরনের মদ বিক্রি করা যাবে না।
সরকারের দাবি, পশ্চিমবঙ্গের ইতিহাসে এবারই প্রথম দুর্গাপূজার নির্দিষ্ট একটি দিনে মদ বিক্রির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হলো। এর আগে বামফ্রন্ট কিংবা তৃণমূল সরকারের আমলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পূজামণ্ডপ, প্রতিমা ও থিম নিয়েও পূজা কমিটিগুলোকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা ঐতিহ্যবাহী রীতিকে বিকৃত করে এমন কোনও প্রতিমা, মণ্ডপ কিংবা থিম তৈরি না করার আহ্বান জানিয়েছেন তিনি।
এ ছাড়া প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ডিজে গান বাজানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার আগের দিনই সব প্রতিমা বিসর্জনের কাজ শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
পূজা আয়োজন নির্বিঘ্ন করতে পূজা কমিটিগুলোর জন্য ১ লাখ রুপি করে সরকারি অনুদান, বিনামূল্যে বিদ্যুৎ এবং বাধ্যতামূলক ফায়ার সেফটি লাইসেন্সের ফি মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। সিইএসসিও বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছে।
তবে বড় ও আর্থিকভাবে সচ্ছল পূজা কমিটিগুলোকে সরকারি অনুদান না নেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ছোট পূজা কমিটিগুলোকে সহায়তা করতেই এই অনুদানের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কলকাতার রেড রোডে শুরু হওয়া দুর্গাপূজা-পরবর্তী জমকালো কার্নিভালও এবার বাতিল করা হয়েছে। গত কয়েক বছরে এই আয়োজন কলকাতার দুর্গাপূজার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল।
সরকারের নতুন এসব নির্দেশনার কারণে চলতি বছর পশ্চিমবঙ্গের দুর্গাপূজার আয়োজন ও বিসর্জন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে