September 8, 2026, 9:41 am

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষায় জোর সিউলের

উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং যুক্তরাষ্ট্রের নীতিতে সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে দক্ষিণ কোরিয়া। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি বলেছে, দেশের নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে থাকার সময় শেষ হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ক্ষমতাসীন দলের নেতা কিম মিন-সক বলেন, যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো ‘দয়ালু বড় ভাই’ হিসেবে আচরণ করছে না। বরং নিজেদের স্বার্থকে গুরুত্ব দিয়ে ওয়াশিংটন কঠোর দরকষাকষির পথে হাঁটছে। তাই সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়াকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে।

সিউলের এই উদ্বেগের পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতিগত অবস্থান। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তার যুক্তি, এসব মহড়ায় বিপুল অর্থ ব্যয় হয় এবং এগুলো উত্তর কোরিয়াকে উসকে দিতে পারে।

দক্ষিণ কোরিয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্র হয়তো উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পুরোপুরি ধ্বংসের পরিবর্তে নতুন অস্ত্র তৈরি বন্ধ রাখার মতো কোনো সমঝোতায় পৌঁছাতে পারে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন-পিয়ংইয়ংয়ের মধ্যে আকস্মিক কোনো চুক্তি হলেও যেন সিউলের নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে, সে জন্য নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন দলটি।

তবে সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে অপ্রয়োজনীয় উত্তেজনা এড়িয়ে কূটনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার পক্ষেও মত দিয়েছে ডেমোক্রেটিক পার্টি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা