জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদামাটা জীবনযাপনের প্রশংসা করতে গিয়ে তাঁর দুপুরের খাবারের খরচের প্রসঙ্গ তোলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় প্রধানমন্ত্রী হাতের ইশারায় তাঁকে নিজের সঙ্গে দুপুরের খাবারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
সোমবার জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালীবিধির ৬৮ বিধিতে আলোচনার সময় এ ঘটনা ঘটে।
আলোচনায় প্রধানমন্ত্রীর জীবনযাপনের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দুপুরের খাবারে ১০০ থেকে ১৫০ টাকা খরচ হয়, বিষয়টি তাঁকে উৎসাহিত করে। তবে এত কম খরচে তিনিও খেতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের সময় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান হাতের ইশারায় তাঁকে খাবারের আমন্ত্রণ জানান। একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়াই শফিকুর রহমানকে খাওয়ানোর কথা বলেন এবং প্রধানমন্ত্রীর দিকে ইশারা করেন।
জবাবে শফিকুর রহমান আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়ে বলেন, তিনি একা খাবেন না, ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে খেতে চান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান তিনি।
শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনেরও প্রশংসা করেন। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী জাঁকজমকপূর্ণ পোশাক বা জীবনযাপন করেন না এবং সাধারণভাবেই চলাফেরা করেন।
তবে যারা প্রধানমন্ত্রীকে নিজেদের ‘আইকন’ হিসেবে তুলে ধরেন, তাঁদের আচরণে অনেক সময় এর বিপরীত চিত্র দেখা যায় বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, কাউকে আইকন হিসেবে মানলে তাঁর ভালো দিকগুলোও অনুসরণ করা উচিত।
একই সঙ্গে প্রধানমন্ত্রীও ভুলের ঊর্ধ্বে নন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সব কথায় ‘হ্যাঁ’ বলার প্রয়োজন নেই।
এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে গিয়ে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।