জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন পরিচালনার প্রস্তুতি, দায়িত্ব পালনের বিভিন্ন দিক এবং পারস্পরিক অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এর আগে সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর গ্রহণ দেশের কূটনীতির জন্য তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বিশ্বের চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবেন ড. খলিলুর রহমান। একই সঙ্গে বহুপক্ষীয় সহযোগিতা জোরদারেও তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
এটি কোনো বাংলাদেশি কূটনীতিকের দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের ঘটনা। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ ফোরামের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন।