দারিদ্র্য দূরীকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান ছিলেন একজন দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপক। তার সময় দেশে টাকা পাচার ও ব্যাংক লুটের মতো ঘটনা দেখা যায়নি। কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে নেওয়া তার বিভিন্ন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তিনি বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে ব্যাংক লুট, অর্থপাচার কিংবা শেয়ারবাজার কারসাজির মতো ঘটনা ঘটেনি। দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে তার বড় অবদান রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পরবর্তী সময়ে দেশের অর্থনীতিতে ব্যাপক লুটপাট হয়েছে। ব্যাংক থেকে অর্থ লুট করে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘বিএনপির আমল সবসময় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের আমল। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন।’
সাইফুর রহমানের অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে সামনে রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার উদ্যোগ তিনি নিয়েছিলেন। দেশে সামাজিক সুরক্ষার ধারণা প্রতিষ্ঠায়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করতে সাইফুর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার নেওয়া বিভিন্ন অর্থনৈতিক ও কৃষিভিত্তিক কর্মসূচির সুফল দীর্ঘদিন মানুষ পেয়েছে।
রিজভী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে।
কালেরচিত্র/এমআ