গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
পীর ছাহেব প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের ধর্মীয় মূল্যবোধ ও মাজহাবি ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। তিনি উল্লেখ করেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তির ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও আক্বীদা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশে মাজহাব ও আক্বীদাবিরোধী কোনো ব্যক্তিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া উচিত নয়। তৌহিদি জনতা তাদের ঈমান ও আদর্শের নিরাপত্তার জন্য সচেতন। তাই রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের ধর্মীয় অনুভূতি ও আক্বীদাগত বিষয়কে গুরুত্ব দিতে হবে।
পীর ছাহেব প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণ তাদের ভোট দিয়েছে ঈমান ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। তাই রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।