চট্টগ্রাম নগরীতে সাবেক ছাত্রলীগ নেতা শাহিদ হোসেন (৪৫) নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে ডবলমুরিং থানার হাজীপাড়ার তাঁর বাসার ড্রয়িংরুমে।
নিহত শাহিদ হোসেনের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহিদ হোসেন ইমাম হোসেন বাড়ির মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ব্যাংকটির নির্বাহী কর্মকর্তা পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। তিনি একজন আইনজীবীও ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।