বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়ে ভারতীয় রাষ্ট্রপতি ভবন প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না, কারণ বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়া রয়েছে। তবে, সফর নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি দপ্তর থেকে পাঠানো নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।
ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের ঐতিহ্য রয়েছে। এই অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে ‘গার্ড অব অনার’, জাতীয় সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
মূল অনুষ্ঠানের আগের দিন এর একটি পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে এবং সফররত শীর্ষ নেতার সম্মানে রাষ্ট্রপতির ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়।