August 20, 2026, 9:11 am

রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবরকে গুজব বললেন

রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবরকে গুজব বললেন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি মরক্কোর ফুটবল এজেন্ট সৌহাইলা আল তাহিরিকে বিয়ের পর এই খবর ছড়িয়ে পড়ে।

সৌদি আরবের দৈনিক ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্তো বলেন, তিনি ইসলামের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তবে ইসলাম গ্রহণের খবর সত্য নয়। তিনি জানান, ‘ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখে ভালো লাগে। কিন্তু আমি ইসলাম গ্রহণ করেছি—এমন প্রচারিত খবর সত্য নয়।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের একজন নেতার সঙ্গে সাক্ষাতের সময় রবার্তো কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) একজন আইনপ্রণেতার বক্তব্যের পর এ খবর আরও ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসের বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ইসলামি রীতিতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। তবে তিনি জানান, দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানাতেই তাদের বিয়ের অনুষ্ঠান ভিন্ন ভিন্ন রীতিতে আয়োজন করা হয়েছিল।

সৌহাইলা আল তাহিরি একজন ফিফা লাইসেন্সধারী ফুটবল এজেন্ট। রবার্তো কার্লোস জানান, ফুটবল-সংক্রান্ত একটি ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং প্রায় দুই বছর ধরে তারা ব্যক্তিগত ও পেশাগতভাবে একসঙ্গে কাজ করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা