August 19, 2026, 1:57 pm

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন আয়োজনের পরিকল্পনা

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন আয়োজনের পরিকল্পনা

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের অধীনে পাঁচ ধরনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন। নির্বাচনগুলো হলো- সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চলতি অর্থবছরে এসব নির্বাচনের জন্য স্থানীয় সরকার বিভাগের বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং কমিশনের প্রস্তুতি শেষ হলে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গত ২০ বছরে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছে, তবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকার সৌন্দর্যবর্ধনে কাজ করছে।

তিনি আরও জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। দেশের অন্যান্য এলাকায়ও পর্যায়ক্রমে ময়লা-আবর্জনা পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা