August 20, 2026, 11:29 am

ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাই, দেড় মাস পর মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজবাড়ী :

ফরিদপুর সমরিতা হাসপাতালে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাই দেওয়ার এক মাস ২০ দিন পর কনিকা মন্ডল (৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী।

বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বামী অশান্ত মন্ডল বলেন, গত ২৯ জুন ফরিদপুর সমরিতা হাসপাতালে সিজারিয়ানের জন্য কনিকাকে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যায় ডা. লক্ষ্মী রানী দত্ত সিজারিয়ানের মাধ্যমে কন্যাসন্তান প্রসব করান। পরদিনই কনিকের পেট ফুলে যায়। পরে তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে গত ৩ জুলাই ভর্তি করা হয়। গত ৭ জুলাই ডা. আব্দুল জলিলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা করে দেখা যায়, তার পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই দেওয়া হয়েছে। ওইদিনই সেখানে অপারেশনের মাধ্যমে গজ বের করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। এখন আমি দুই মাসের সন্তান নিয়ে কীভাবে বাঁচব? আরও দুটি ছোট ছোট ছেলে নিয়ে অথৈ সাগরে পড়লাম। আমি বিচার দাবি করছি।

তিনি আরও বলেন, চিকিৎসক লক্ষ্মী রানী দত্ত আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে লেখেন, ‘দাদা নমস্কার। ভালো থাকুন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সব কথার আগে করজোড়ে ক্ষমাপ্রার্থী। ভুল মানুষেরই হয়। অনেক ঝামেলার ভিতর থেকে আমি ভুল করে ফেলেছি। আমি বারবার ক্ষমাপ্রার্থী আপনার কাছে। অনেক কষ্টে আছি। আবারও ক্ষমা চাচ্ছি দাদা।’

এ বিষয়ে ডা. লক্ষ্মী রানী দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার খেয়াল নেই, একটু পরে ফোন দিচ্ছি।’ এ কথা বলে ফোন কেটে দেন। পরে আবারও যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা