August 20, 2026, 10:08 am

কিশোরগঞ্জে বালু উত্তোলন বন্ধে অভিযান, এসিল্যান্ডসহ ৮ জন অবরুদ্ধ

কিশোরগঞ্জে বালু উত্তোলন বন্ধে অভিযান, এসিল্যান্ডসহ ৮ জন অবরুদ্ধ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জাহান তন্বীর ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযানে অংশ নেওয়া ৮ সদস্যকে অবরুদ্ধ করে রাখে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি চক্রের শতাধিক নারী-পুরুষ।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৬টার দিকে উপজেলার বাহাগিলি ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামে চাঁড়ালকাঁটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসিল্যান্ডসহ অবরুদ্ধ সবাইকে উদ্ধার করে। এ সময় একটি বালুবোঝাই মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তনিমা জাহান তন্বী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি চক্র বাহাগিলি ইউনিয়নের ময়নাকুড়ি বাজারের পূর্ব দিকে চাঁড়ালকাঁটা নদী থেকে ভেকু দিয়ে বালু উত্তোলন করছে। অভিযানে গিয়ে তিনটি মাহিন্দ্র ট্রাক্টরে বালু পরিবহন করতে দেখা যায়।

তিনি অভিযোগ করেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং পরে শতাধিক নারী-পুরুষ তাদের অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর মিয়া জানান, অভিযোগ পেলে নিয়মিত মামলা করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা