হেভা ফাউন্ডেশন দেশের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে ‘হেভা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৬’ চালু করেছে। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে শিক্ষা সহায়তা পাবেন।
বাংলাদেশ সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, কৃষি/ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে স্নাতক (সম্মান) বা সমমান পর্যায়ের প্রথম বর্ষ অথবা প্রথম বা দ্বিতীয় সেমিস্টারের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) বা সমমান পর্যায়ের শিক্ষাক্রমের স্বাভাবিক মেয়াদ পর্যন্ত প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন। তবে শিক্ষার্থীর শিক্ষাগত অগ্রগতি এবং বৃত্তির নির্ধারিত অন্যান্য শর্ত বিবেচনা করা হবে।
হেভা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ থেমে না যায়। এই বৃত্তির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশের পথেও পাশে থাকতে চাই।’
আবেদনকারীদের মেধা, আর্থিক প্রয়োজন, পারিবারিক ও ব্যক্তিগত পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা সমন্বিতভাবে মূল্যায়ন করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নির্বাচন করা হবে। আবেদনকারীদের জন্য নির্ধারিত শর্তাবলী রয়েছে, যার মধ্যে রয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল এবং পরিবারের আর্থিক অসচ্ছলতার প্রমাণ প্রদান।