রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
এবারের মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
আজ প্রকাশিত ফলাফলে চিত্রাঙ্কন ইভেন্টে এ সাফল্য অর্জন করে হাদিকা। তার এ অর্জনের ফলে সে জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
হাদিকা হানিফ হিমি উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের ব্যবসায়ী মোঃ হানিফ মিয়া ও গৃহিণী সুমি আক্তারের মেয়ে। চিত্রাঙ্কনে তার প্রতিভার অনন্য নিদর্শন হিসেবে একটি মাছরাঙার ছবি নজর কেড়েছে। ছবিতে মাছরাঙার ঠোঁট, উড়ন্ত ডানা, ঠোঁটে মাছ এবং ঝরে পড়া পানির ফোঁটার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার পাল বলেন, হাদিকা হানিফ হিমি ছাত্রী হিসেবেও মেধাবী। মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে সে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়েও বিভিন্ন ইভেন্টে সুনাম অর্জন করছে।