August 19, 2026, 12:37 pm

ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি। বুধবার (১৯ আগস্ট) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ী আরানি তার সঙ্গে ছিলেন।

বৈঠককালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং ভাষা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম জোরদার করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ফারসি ভাষা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। তারা বিজ্ঞান ও প্রযুক্তি, সৌর প্রযুক্তি, চিকিৎসা ও ফার্মেসিসহ বিভিন্ন ক্ষেত্রে আরও সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ এবং ইরানের মধ্যে বহু বছর ধরে একটি চমৎকার ঐতিহাসিক, সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে বিভিন্ন একাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে দুই দেশের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ইরানি অধ্যাপক নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা