August 19, 2026, 12:24 pm

নাটোরে বিআরটিসি বাস কাউন্টারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত পাঁচ

নাটোরে বিআরটিসি বাস কাউন্টারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত পাঁচ

নাটোরে বিআরটিসি বাস কাউন্টারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে বনপাড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, বনপাড়া পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ ও যুবদল কর্মী আসলাম হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় হোসেন আলী ফকিরসহ কয়েকজন বিএনপি নেতাকর্মী একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা