বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেক্সটাইল প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ এবং মাঠপর্যায়ে হস্তান্তরের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মানিক মিয়া এভিনিউস্থ বিজেআরআই-এর প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিজেআরআই-এর মহাপরিচালক ড. নার্গীস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি জানান, দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব শিল্পায়নে পাটের গুরুত্ব অপরিসীম।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুছ ছালাম। বক্তারা গবেষণালব্ধ প্রযুক্তির কার্যকর সম্প্রসারণের মাধ্যমে পাটখাতের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।
কর্মশালা শেষে প্রধান অতিথি বিজেআরআই উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও পণ্য প্রদর্শনের জন্য স্থাপিত স্টল পরিদর্শন করেন। বক্তারা পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও কর্মকর্তারা। তারা সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যাতে দেশের পাটখাতকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করা সম্ভব হয়।