বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের প্রযুক্তি, কাঁচামাল ও আধুনিক উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে আগামী ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’।
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত এবারের প্রদর্শনীতে ‘২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬-সামার এডিশন’ এবং ‘৫৩তম ডাই + কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীতে ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি কোম্পানি অংশ নেবে। আয়োজকেরা আশা করছেন, চার দিনের আয়োজনে ১৬ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থী আসবেন।
টেক্সটেক বাংলাদেশ প্রদর্শনীতে পোশাক ও টেক্সটাইল উৎপাদনের বিভিন্ন মেশিনারি, অটোমেশন প্রযুক্তি, স্মার্ট ম্যাটেরিয়ালস ও আধুনিক উৎপাদন সরঞ্জাম গুরুত্ব পাবে। এছাড়া, ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শোতে বিভিন্ন ধরনের সুতা, কাপড়, ট্রিমস ও অ্যাকসেসরিজ প্রদর্শিত হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীর পাশাপাশি চারটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে টেক্সটাইল ও পোশাক খাতের নতুন প্রযুক্তি, টেকসই উৎপাদন এবং উদ্ভাবন নিয়ে আলোচনা হবে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।