আওয়ামী লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে নিজ বাড়িতে মারা গেছেন।
সতীশ চন্দ্র রায়ের জ্যেষ্ঠ ছেলে অরবিন্দু রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
সতীশ চন্দ্র রায় তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তিনি ১৯৭৯ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে নির্বাচনে জয়ী হন।
রাজনীতিতে আসার আগে তিনি বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।