ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি। সোমবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম পরিদর্শন।
এ সময় তার সঙ্গে ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। পরিদর্শনের শুরুতে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনের পর এক আলোচনা সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সমস্যা এবং সঙ্কট নিয়ে আলোচনা করেন পরিচালক। প্রতিমন্ত্রী হাসপাতালের সেবার মান উন্নয়নের জন্য নির্দেশনা দেন।
সভা শেষে প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানমকে দেখতে যান, যিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তারা রোগীর শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিউলি খানম গত ১৫ আগস্ট ব্রেইন স্টোকে আক্রান্ত হন এবং পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।