ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আজ সোমবার সকালে যশোর পৌর কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, "জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি।" তিনি তরুণ সমাজকে মেধা, চরিত্র ও নৈতিক সততার পরাকাষ্ঠা প্রদর্শন করে নতুন আজাদির ডাকে সাড়া দিতে আহ্বান জানান।
সাদ্দাম বলেন, "স্বনির্ভর, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" তিনি নবী-রাসুলদের উদাহরণ দিয়ে কর্মীদের দৃঢ়তা, ধৈর্য ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরও বলেন, "ছাত্রশিবিরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে ইসলামি জ্ঞান অর্জন ও বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্ববোধ সৃষ্টি করা।" সাদ্দাম বলেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে নিজেদের চরিত্র ও আচরণের মাধ্যমে।
সমাবেশে জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল বলেন, "একটি দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর।" তিনি তরুণদের জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।