নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে পানিতে ডুবে আপন খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকার আবুল হোসেনের মেয়ে মোছা. পাখি আক্তার (১২) এবং নাউতারা নিজপাড়া (ঝাকুয়াটারী) এলাকার মো. সেলিমুর রহমানের মেয়ে মোছা. সিনহা (৪)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলছিল। একপর্যায়ে শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য খালা পাখি আক্তার পানিতে নামলে তিনিও পানিতে ডুবে যান। এ সময় ক্যানেলের ধারে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা ক্যানেলে নেমে দুজনকে উদ্ধার করেন, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন, ‘কয়েক বছর আগেও একই স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। জায়গাটি ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।’
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’