ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু আজ শনিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধায় সোমা চা-বাগান পরিদর্শন শেষে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার চা উৎপাদনে পৃষ্ঠপোষকতা না দিয়ে নানা ধরনের বাধা সৃষ্টি ও হয়রানির পাশাপাশি চা ইন্ডাস্ট্রি দখলের চেষ্টা করেছে।
মন্ত্রী জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার লালমনিরহাটের সোমা চা-বাগান ও চা ইন্ডাস্ট্রি পুনরায় চালু করতে সর্বোচ্চ সহযোগিতা করবে। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চা উৎপাদন জেলা পঞ্চগড় হলেও লালমনিরহাটেও চা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সোমা চা-বাগান পরিদর্শন করে তিনি বিষয়টি উপলব্ধি করেছেন।
ত্রাণমন্ত্রী আরও বলেন, চা শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, বিগত সরকার সোমা চা-বাগান ও ইন্ডাস্ট্রির মালিকপক্ষকে হয়রানি করেছে। তিনি আশ্বস্ত করেন যে, বর্তমান সরকার চা-বাগান ও ইন্ডাস্ট্রিকে সব ধরনের সহযোগিতা করবে, যাতে এটি জনপ্রিয় ও সম্প্রসারিত হয়।
মন্ত্রী উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলমের ওপর যে অন্যায় করা হয়েছে, তা থেকে তাকে মুক্ত করে চা ইন্ডাস্ট্রিটি আবারও সম্প্রসারণ করা হবে।