ঢাকার আশুলিয়া প্রেস ক্লাবের ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে লাইজু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহেল রানা নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে এ কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আশুলিয়ার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্ব দেবে।
নবনির্বাচিত সভাপতি লাইজু আহমেদ চৌধুরী বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আশুলিয়ার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরাই হবে তাদের প্রধান লক্ষ্য। তিনি প্রেস ক্লাবের সব সদস্যের সহযোগিতায় সংগঠনকে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন। তিনি সাংবাদিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সমাজের অসংগতি তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
সাংগঠনিক সম্পাদক সোহেল রানা জানান, সব সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করে প্রেস ক্লাবকে একটি কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশুলিয়া প্রেস ক্লাব, এমন প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।