সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বুরুন্ডির তরুণ পেন্ট্রা বুশিমা আমিন ইসলাম গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন।
৬ আগস্ট থেকে ১৯ আগস্ট (৬ রবিউল আউয়াল) পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ অংশ নিচ্ছেন, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণ বলে আয়োজকদের দাবি।
পেন্ট্রা মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন। ইসলামের নৈতিকতা ও মূল্যবোধ তাকে আকৃষ্ট করে এবং তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তে পরিবারের আরও চার সদস্যও ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পরপরই পবিত্র কুরআন মুখস্থ করার যাত্রা শুরু করেন পেন্ট্রা। পাঁচ মাসের কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি কুরআন হিফজ সম্পন্ন করেন এবং পরে বুরুন্ডির জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।
পেন্ট্রা জানান, ইসলাম গ্রহণের এক বছরের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি সৌদি আরবের নেতৃত্বের পৃষ্ঠপোষকতার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।